বিজয় সালগাঁওকর ও তার পরিবারের সেই বহুল আলোচিত এবং রহস্যে ঘেরা গল্পের শেষ টানতে আবারও রূপালী পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে দর্শকনন্দিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’।
লড়াই আর পরিবারকে বাঁচানোর রোমহর্ষক ছকের শেষ পরিণতি দেখতে এই ২ অক্টোবরের দিকেই এখন নজর কোটি কোটি সিনেমা প্রেমীর।
সোমবার (২৪ আগস্ট) এই খবর নিশ্চিত করে ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে লেখা ছিল—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।
পরিচালক অভিষেক পাঠকের পরিচালনায় ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরছেন অজয় দেবগন। সঙ্গে থাকছেন টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর।
তবে এবারের পর্বে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। বর্তমানে ছবিটির শুটিং শেষ হয়েছে এবং সম্পাদনার (পোস্ট-প্রোডাকশন) কাজ চলছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। আর ২০২২ সালের সিক্যুয়েল ‘দৃশ্যম ২’ সে সাফল্যকে ছাড়িয়ে আয় করে প্রায় ৩৪২ কোটি রুপি।
মালয়ালাম মূল ফ্র্যাঞ্চাইজি থেকে অনুপ্রাণিত এই ছবি হিন্দি দর্শকদের কাছেও অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে।
হিন্দিতে এই সিরিজটি ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে শেষ হতে চললেও মূল মালয়ালাম সিরিজের গল্প থামছে না। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলালের মালয়ালম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর এবং অভিনেতা মোহনলাল নিশ্চিত করেছেন যে, মালয়ালাম ভাষায় চতুর্থ পর্বের কাজও শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি

