1. খেলাধূলা
  2. জাতীয়
  3. প্রচ্ছদ
  4. বিজ্ঞান ও প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্বসংবাদ
  7. রাজনীতি
  8. সারাদেশ

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

নিজস্ব প্রতিবেদক । মিরসরাইনিউজ২৪.কম
অগাস্ট ২৫, ২০২৬ ২:২৫ অপরাহ্ন
Link Copied!

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফৌজদারি কার্যবিধি এবং প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে এ ইউনিটের সদস্যরা ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে, এমন বিধান প্রস্তাব করা ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ মন্ত্রিসভার সম্মতি পেয়েছে।

একইসঙ্গে প্রস্তাবিত খসড়ায় বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠনের মাধ্যমে বিচার করার সুযোগও রাখা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’ এর অধীনে গঠিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস’কে আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

পুলিশ বাহিনীর অধীন ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন’ পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ব্যাটালিয়ন জননিরাপত্তা রক্ষা; ভিআইপিদের নিরাপত্তা; সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তা; সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

বাংলাদেশ জার্নাল/জে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।